নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের পরদিন সোমবার সন্ধ্যায় সুমন নামের সাড়ে ৪বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুমনকে চোখ উপড়ানোর পাশাপাশি জবাই করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত সুমন সে দাপা ইদ্রাকপুর শাহ জাহান রোলিং মিলস এলাকার শিখার বাড়ির ভাড়াটিয়া শ্রমিক নুরুদ্দিনের ছেলে।
নিহতের বাবা নুরুদ্দিন জানান, সুমন বাড়ির পাশে একটি মাঠে রোববার বিকেলে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। তখন থেকেই সে নিখোঁজ হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আশিষ কুমার দাস জানান, সোমবার সন্ধ্যা ৬টায় ফতুল্লার দাপায় হামিদ ফ্যাশন সংলগ্ন বুড়িগঙ্গা নদীর পাড়ের ঝোপঝাড় থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে হত্যাকান্ডটি পূর্বপরিকল্পিত। রোববার রাতে সুমনকে হত্যা করা হয়। তার দুই চোঁখ উপড়ানো জবাই করা শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বিকেল থেকে সুমন নিখোঁজ ছিল।
