জয়পুরহাট-বগুড়া মহাসড়কের মাটিরঘর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন ও কলা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের তিন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- জয়পুরহাটের তুহিন আক্তার(২৭), সুইটি(২০),ও জামালপুরের মুকুল(৩৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বাস ও ট্রাক জয়পুরহাট-বগুড়া মহাসড়কের মাটিরঘর এলাকায় পৌঁছালে ৮/১০ জন দুর্বৃত্ত মোটরসাইকেল দিয়ে গাড়ি দুইটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে ও ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে শ্যামলী পরিবহনের তিনযাত্রী আহত হন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
