সহিংসতা ও রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৫০
‘দুই জোটের উপর মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। কিন্তু মানুষ সামনে কোন গ্রহণযোগ্য বিকল্প শক্তি পাচ্ছে না। ফলে রাজনীতিতে চলছে শূন্যতা। এই শূন্যতা পূরণে কমিউনিস্ট পার্টি ও বাসদ তাদের নিজ নিজ সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি ২৭ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করেছে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সমাবেশে খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় এই সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি-বাসস নেবৃন্দরা।’ 
বুধবার মণি সিংহ সড়কের মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক মসম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উস্থাপন করেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। 
লিখিত বক্তব্যে জাফর বলেন, দেশের মানুষ আজ গভীর সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। একদিকে বিএনপি-জামাতের বোমা, পেট্রোল বোমার আঘাতে মানুষ ক্ষত-বিক্ষত। দেশ জ্বলছে-মানুষ মরছে। অন্যদিকে এই সংঘাত, সহিংসতা নিরসনে সরকারের কোনো উদ্যোগ নেই। র‌্যাব, পুলিশ, বিজিবি দিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার। গুম, খুন, ক্রসফায়ার আশঙ্কাজনকভাবে বাড়ছে। দেশের চলমান সংকট নিছক আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দমন-পীড়ন করে সমাধানের চেষ্টা করলে কোন শুভ ফল হবে না। শেষ বিচারে লাভবান হবে উগ্র-জঙ্গিবাদী রাজনৈতিক শক্তি। তাই আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে সংকটের সমাধান করা এখন সময়ের দাবি। 
আরো বলা হয়েছে, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও- এই আওয়াজ নিয়ে আমাদের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশ থেকে দুই জোটের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান জানানো হবে। পেট্রোল বোমায় মানুষ খুন বন্ধ করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা করা, গুম-খুন-ক্রসফায়ার বন্ধ করা, সমস্যার রাজনৈতিক সমাধান করা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। 
এর সাথে নির্বাচন ব্যবস্থার সংস্কার সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা এবং সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হবে এই সমাবেশ থেকে। দলীয়করণ-দুর্নীতি-লুটপাট বন্ধ করা, মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনা, গ্যাস-বিদ্যুৎ-ডিজেল-কেরোসিনের দাম না বাড়ানো, শ্র্রমিকের মজুরি ৮ হাজার টাকা প্রদানসহ কৃষক-ক্ষেতমজুর, নারীসমাজ, ক্ষুদ্র জাতিসত্তার অধিকারসহ জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন প্রমুখ।