এবার হজে যেতে পারবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৪৯
 
বাংলাদেশের প্রাপ্য কোটা অনুযায়ী এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এই তথ্য জানাননো হয়।
বৈঠকে বলা হয়, হজ যাত্রীদের মধ্যে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন।
হজ নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দেয়া হয় এবং হজ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে হজে গমনেচ্ছু হাজি সাহেবগণ যাতে কোনভাবেই প্রতারিত না হন সেজন্য সৌদি সরকারের কালো তালিকাভুক্ত ৬৭টি হজ এজেন্সির তালিকা প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আসলামুল হক, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, মোহাম্মদ আমীর হোসেন এবং দিলারা বেগম অংশগ্রহণ করেন।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।