বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৩১
 
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দামগাড়া-কৈপাড়া মোড়ের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ইসলাম ব্যাপারী (৪৫) ও মিঠু মিয়া (৩৫)। আহতরা হলেন- মাহবুব আলম (৪২) ও রাজু আহম্মেদ  (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে রাজশাহীর উদ্দেশে আসা বসুন্ধরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর থেকে বগুড়া  অভিমুখে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও চালকসহ  তিনজন আহত হন।
আহতদের মধ্যে অটোরিকশা চালককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনিই চালক কিনা এ ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়জুর রহমান জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। বাসটিকে আটক করা হয়েছে।