জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের ক্যাডেট কলেজের মোড় নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী নিহত মলিন (২২) সদর উপজেলার ইছুয়া গ্রামের বাসিন্দা ময়েন উদ্দিনের পুত্র। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক আব্দুস সাত্তারকে (৫৫) জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় মোটরসাইকেলে করে জয়পুরহাট থেকে বাড়ী ফেরার পথে ক্যাডেট কলেজের মোড় নামক স্থানে পৌঁছালে ওই ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মলিনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে।
