আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের যে গণতান্ত্রিক সংস্কৃতি চালু আছে তাকে জনগণ যে কোন মূল্যে রক্ষা করবে। অসাংবিধানিক পথে যারা ক্ষমতায় আসতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে তিনি একথা বলেন।
নাসিম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হতাশাগ্রস্ত হয়ে হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আন্দোলনের উপায় হিসেবে গ্রহণ করেছেন। তার হরতাল ও অবরোধ এখন প্রহসনে পরিণত হয়েছে।
নিজের হতাশা থেকে বেগম জিয়া মহান শহীদ দিবসে শহীদ মিনারে পর্যন্ত যাননি বলে উল্লেখ করে তিনি বলেন, করুণ পরিণতির জন্য তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
নাসিম বলেন, বেগম জিয়া পেট্রোলবোমার নেত্রী এবং প্রাণসংহারকারী নেত্রীতে পরিণত হয়েছেন।তারা এখন সেনাবহিনীকে প্রকাশ্যে উস্কানি দেয়ার চেষ্টা করছেন।
১৪ দলের পূর্বঘোষিত আগামী ৮, ৯ এবং ১০ মার্চের দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চারটি টিমে বিভক্ত হয়ে আগামী ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত সারাদেশের বিভিন্ন এলাকার পদযাত্রা ও সমাবেশ সফল করব।’
এ বিষয়ে তিনি বলেন, প্রথম টিমটি সিরাজগঞ্জ,বগুড়া, গাইবান্ধা; দ্বিতীয় টিমটি গাজীপুর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ; তৃতীয়টি চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এবং চতুর্থ টিমটি কুষ্টিয়া, ঝিনাইদহ এবং যশোরের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবে।
তিনি লেখক অভিজিৎ রায়কে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
