গাজীপুর সদর উপজেলার গজারিয়াপাড়া এবং শ্রীপুরের সাটিয়াবাড়ি এলাকার বন থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গাজীপুর সদর উপজেলার গজারিয়াপাড়া এলাকার গজারীবনে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের হাত থেকে একটি ব্লেড উদ্ধার করা হয়েছে এবং তার গলাকাটা রয়েছে। নিহতের নাম সালেহা বেগম (৬০)। তার বাড়ি গাজারিয়াপাড়া এলাকায়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।
শ্রীপুর থানার এসআই মো: সরওয়ার্দি জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকার বনে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। রাত পৌণে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর (৩০) পরিচয় জানা যায়নি। লাশের পড়নে গোলাপী রংয়ের কামিজ ও সাদা-কালো চেক সালোয়ার রয়েছে। নিহতের মাথা, চোখে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েক দিন আগে তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলা হয়েছে বলে তার ধারণা।
