অবরোধ-হরতালে ক্লাস নেয়ায় মহানগরীর লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ‘আন্দোলনকামী কর্মী বাহিনী’ লাল রঙের কাগজে একটি চিঠি পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। ঐ চিঠিতে হরতালে ক্লাস নিলে স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেয়া হয়। গতকাল শুক্রবার সকালে স্কুলের প্রধান শিক্ষক আইরিন জাফর ঐ চিঠি হাতে পান।
চিঠিতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের নাম ব্যবহার করা হয়নি। খামের সিলটি অস্পষ্ট হওয়ার কারণে কোন জায়গা থেকে চিঠিটি ছাড়া হয়েছে তা বোঝা যাচ্ছে না। চিঠিতে প্রধান শিক্ষকের উদ্দেশে লেখা হয়েছে, ‘হরতালের দিনগুলোতে আপনার প্রতিষ্ঠান যদি চালান তাহলে আপনার গতিপথ আমরা পরখ করছি। কখন, কবে, কোন সময় আপনার প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নয়, অন্য কোনো বোমা বিস্ফোরিত হবে তার দায়িত্ব কে নেবে—আপনি না সরকারি দল, না বিরোধী দল।’
চিঠিতে আরো লেখা হয়, ‘যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে শিশুদের সমস্ত দায়-দায়িত্ব আপনার ওপরই বর্তাবে। আপনি হরতালের দিনগুলোতে ছাত্রছাত্রীদের সাধারণ পোশাকেও প্রতিষ্ঠান চালাবেন না।’
প্রধান শিক্ষক বলেন, এত দীর্ঘ সময় শিক্ষার্থীরা আর বাসায় থাকতে পারছে না। প্রতিদিন তারা বিদ্যালয়ে এসে ভিড় করছে। অভিভাবকরা বলছেন, পড়াশোনার ক্ষতি হচ্ছে, সিলেবাস শেষ হবে না। এ জন্য শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা ক্লাস নিচ্ছেন।
প্রধান শিক্ষক রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, থানায় জিডি নেয়া হয়েছে। পুলিশ সতর্ক রয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে।
