যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের ট্রাকের চাপায় মোজাম্মেল হক (৪০) নামে পুলিশের এক সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের যশোরের নওয়াপাড়া বাজারের তালতলা আকিজ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোজাম্মেল হক খুলনার তেরখাদা থানার আজগরা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এএসআই মোজাম্মেল হক শনিবার সকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোর আদালতে একটি মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নওয়াপাড়া বাজারের তালতলা আকিজ জুট মিলের সামনে পৌঁছালে পিছন থেকে আকিজ জুট মিলের একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
