হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। শনিবার দুপুরে সদর উপজেলার পাইকপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অটেরিকশা চালক আক্কাস মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়। অপর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের পাইকপাড়ায় বিপরীতমুখী অটেরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
