যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি পাঁচটি স্বর্ণের বারসহ এক নারী চোরাচালানীকে আটক করেছে। এসব অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল উদ্ধার হয়েছে। শনিবার এসব অভিযান চালানো হয়।
যশোর ২৬ বিজিবি’র কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার দুপুরে ১২টার দিকে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে রোকেয়া (৪০) নামে এক চোরাচালানিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণের টুকরো মিলিয়ে ৭১৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। রোকেয়া বেনাপোল এলাকার মিজানের স্ত্রী।
এর আগে শনিবার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে অভিযান চালালে চোরাকারবারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুইটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
