রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়েছে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি)। গত ২৩ জানুয়ারি পাঠানো ওই চিঠির বিষয়বস্তু নিশ্চিত করেছে আরএমপির একাধিক নির্ভযোগ্য সূত্র। তবে ওই চিঠিটি বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন আরএমপি কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বলেন, ‘বিষয়টি অফিসিয়াল। এবিষয়ে কিছুই বলতে পারবো না।’
প্রসঙ্গত, রাসিক মেয়র বুলবুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগরের যুবদলের আহ্বায়ক। তার বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বরে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যাসহ বিস্ফোরক আইনে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা বিএনপি জোটের চলমান অবরোধ ও হরতালে যানবাহনের পেট্টোল বোমা হামলার ঘটনায় দায়েরকৃত। ওই মামলায় রাসিক মেয়রকে হুকুমের আসামি করা হয়েছে।
সূত্র জানায়, চিঠিতে মামলার বিষয়ে বিস্তারিত উল্লেখ করে বলা হয়েছে, ‘মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদে দায়িত্বরত থাকলে মামলার তদন্তে বিঘ্ন এমনকি ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মেয়র চলমান হরতাল-অবরোধে রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে মদদ ও নির্দেশনা দেয়ায় এসব কাজ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য তাকে রাসিকের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। এ ব্যাপারে পুলিশ সদর দফতরকে সুপারিশ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
