‘উগ্র সাম্প্রদায়িক শক্তিকে রুখতে ঐক্যবদ্ধ হতে হবে’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৩০

ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক ড. অভিজিৎ রায়কে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
শনিবার প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর জাহিদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘অভিজিৎ রায়ের ওপর যারা হামলা চালিয়েছে, তারা এদেশের প্রগতি ও মুক্তচিন্তাবিরোধী অপশক্তি। কার্যত এটি মুক্ত ও ভিন্নচিন্তার নিঃশেষের এক প্রকার পাঁয়তারা। অবশ্যই এরা এদেশের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তি। কারণ, হত্যাকাণ্ডটির সঙ্গে হুমায়ুন আজাদ, মোহাম্মদ ইউনুস ও শফিউল ইসলামসহ অনেকেরই হত্যামোটিভের মিল রয়েছে। হত্যাকারীরা ব্লগার রাফিদা আহমদকেও কুপিয়ে আহত করেছে। এর আগে তারা ব্লগার রাজিবকেও হত্যা করেছিল। স্বাধীনতাবিরোধী অপশক্তির এ ধারাবাহিক বর্বরতা প্রকারান্তরে এদেশের প্রগতিপন্থী ও মুক্তচিন্তাশক্তির ওপর মর্মান্তিক আঘাত। তারা এক রকম ভয়ভীতি দেখিয়ে এদেশকে অশিক্ষা, কূপমণ্ডুক কুসংস্কারাচ্ছন্নতার ভেতর দিয়ে গোটা জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চায়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘তথাকথিত ধর্মের নামে, এদেশকে তারা এখন প্রগতিশীল চিন্তার বধ্যভূমিতে পরিণত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। কিন্তু এমনটি কিছুতেই হতে দেয়া যায় না। ধর্মোন্মাদ, উগ্র সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে এখনই সকল প্রগতিবাদী শক্তিকে একতাবদ্ধ হতে হবে। অপশক্তির সকল বিষদাঁত উপড়ে ফেলতে হবে।’
বিবৃতিতে অভিজিতের হত্যাকারীদের অবিলম্বে বিচার দাবি করা হয়। একইসাথে  সম্মিলিতভাবে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।