কালিয়াকৈরে ট্যাপের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

আপডেট : ০১ মার্চ ২০১৫, ১৬:৪৬
 
 
 
গাজীপুরের কালিয়াকৈরে  ট্যাপের পানি পান করে পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সকালে সাদমা ফ্যাশন গ্রুপের মালিকানাধীন মৌচাক নিট কম্পোজিট নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা যায়—প্রতিদিনের মতো রবিবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করে। কাজ করার ফাঁকে-ফাঁকে শ্রমিকরা কারখানার ট্যাপ থেকে সাপ্লাই পানি সংগ্রহ করে পান করেন।  একপর্যায়ে কয়েকজন শ্রমিকের মাথাঘোরা, বমি ছাড়াও পেটব্যথা দেখা দেখা দিলে তাদের দ্রুত স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পর্যায়ক্রমে কারখানার শতাধিক শ্রমিক একইভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের মুমূর্ষু অবস্থায়  স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতাল ও মৌচাক সুফিয়া মডেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাদমা গ্রুপের চেয়ারম্যান মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দ্বারা কারখানার সাপ্লাইয়ের পানি পরীক্ষা করা হবে।