রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের তিন নেতাকর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ নেতারা। রবিবার দুপুর আড়াইটায় টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফাইন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাওন, সজিব ও তন্ময়। তবে ছাত্রলীগের দাবি, প্রহৃতরা এক ছাত্রীকে উত্যক্ত করছিল। এসময় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাসেল, গোলাম কিবরিয়া ও ফয়সাল আহমেদ রুনু তাদের ডেকে পাঠায়। কিন্তু ছাত্রদল নেতারা তাদের পাত্তা না দেয়ায় ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের কিলঘুষি ও লাথি মারে। এসময় ছাত্রদলের নেতা তন্ময় পালিয়ে গেলেও শাওন ও সজিবকে ছাত্রলীগ নেতারা পুলিশে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান সজিবকে ছাড়িয়ে নিলেও শাওনকে পুলিশ থানায় নিয়ে যায়। মতিহার থানার ওসি আব্দুর রউফ বলেন, ছাত্রী উত্যক্তের ঘটনায় শাওনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
