মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের সাবেক এমপি ও বিএনপি নেতা মো. রশিদ মিয়া ও কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এলডিপি নেতা ছালামত উল্লাহ খানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের বাসা থেকে ছালামত উল্লাহ খানকে গ্রেফতার করে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল, অপরদিকে মহেশখালী থেকে রশিদ মিয়াকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে চকরিয়া, পেকুয়া ও মহেশখালীতে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে চকরিয়ার মামলায় ১৯ জন, পেকুয়ার মামলায় দুই জন ও মহেশখালীর মামলায় ৪ জন আসামী রয়েছে। আসামীদের মধ্যে মহেশখালীর মামলায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনে তদন্তকারী দল। ওই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানিয়েছেন, মানবতাবিরোধী ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় এ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
