নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৬:০৭

নোয়াখালীর মাইজদীতে জুয়া খেলার টাকা নিয়ে সংঘর্ষে রেদোয়ান হোসেন লেদু (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার দিবাগত রাতে শহরের লতিফের বাপেরগো পুলের গোড়া এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
রেদোয়ান হোসেন লেদু শহরের পশ্চিম মাইজদী এলাকার আবদুল মতলবের ছেলে। রেদোয়ান পেশায় একজন নির্মাণ শ্রমিক এবং যুবলীগের  কর্মী বলে জানা  গেছে।  এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, ‌কয়েকদিন আগে রেদোয়ান জুয়ার আসরে চার হাজার টাকা হেরে যায়। ওই আসরের অপর জুয়ারি রুবেল টাকা না পেয়ে রেদোয়ানের মোবাইল ফোনটি কেড়ে নেয়। রবিবার রাতে রুবেল মোবাইলটি দিয়ে দেয়ার কথা বলে রেদোয়ানকে ডেকে নেয়। রেদোয়ান সেখালে গেলে রুবেল ও তার সহযোগীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ  ঘটনা জের ধরে সোমবার সকাল ১১টার দিকে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এলাকার মাঝি বাড়ীর  নিজামের বাড়িতে হামলা চালিয়ে  তিনটি বসতঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও মাইজদী ফায়ার সার্ভিসের  একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। খুনের ঘটনার পর রাতে একই বাড়ির  আরেক অভিযুক্ত রুবেলের ঘরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা । 
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। তবে রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ  চলছে।  খুনের ঘটনায়  মামলার প্রস্তুতি চলছে।