পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মৎস্যজীবীপাড়ায় সোমবার সকালে বাড়ির সীমানা পিলার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত উভয় পক্ষের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আহতরা হলেন, দিলবার হোসেনের স্ত্রী রুপভান বেগম (৬০), আফজাল হোসেনের স্ত্রী শাহনাজ খাতুন (৩৮), মৃত মনসুর প্রাং এর ছেলে শাহীন (১৫), মৃত নবীর উদ্দিনের ছেলে নজরুল (৩২), আব্দুস সাত্তারের ছেলে ওমর ফারুক (১৮), দিলবার হোসেনের ছেলে লোকমান হোসেন (৩৮) এবং বাবর আলীর ছেলে আলম হোসেন (৩২)।
জানা গেছে, কাটাখালি মৎস্যজীবীপাড়া গ্রামের দিলবার হোসেন ও নজরুল হোসেনের মধ্যে বাড়ির সীমানা পিলার নিয়ে বিরোধ চলে আসছিলো। নজরুল গং ইতিপূর্বে থানায় অভিযোগ দিলে স্থানীয় মেম্বার সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করে দেন। সোমবার সকালে পিলারটি উধাও হয়ে যায়। এ নিয়ে দিলবার গং ও নজরুল গং একে অপরের উপর দোষারোপ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রুপ নিলে উভয় পক্ষের ১০জন আহত হন। এ বিষয়ে থানায় দিলবর গং অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
