সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা জোনের অধীন চাঁদপুর সড়ক অফিস প্রাঙ্গণে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সড়ক বিভাগ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কর্তৃক গঠিত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, গত রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের পার্শ্বস্থ চাঁদপুর জেলা সওজ কার্যালয় প্রাঙ্গণে দুষ্কৃতিকারীরা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর ব্যবহৃত গাড়িটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সত্যতা স্বীকার করে সওজ-চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহেদ হোসেন জানান, দুর্বৃত্তরা অতর্কিতভাবে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান জানান, এ ঘটনা তদন্তের জন্য সওজ-কুমিল্লা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম আতিকুল হককে প্রধান করে এবং সওজ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
