আর্জেন্টিনা ওপেন জিতলেন নাদাল

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৭:৫৫
 
 
প্রায় নয় মাস পরে শিরোপার দেখা পেয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। রবিবার স্বাগতিক হুয়ান মোনাকোকে ফাইনালে ৬-৪, ৬-১ গেমে পরাজিত করে আর্জেন্টিনা ওপেনের শিরোপা জিতেছেন বাঁহাতি এই সাবেক এক নম্বর তারকা।
 
গত বছর জুনে রোলা গ্যাঁরোতে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতার পরে এটাই নাদালের প্রথম শিরোপা। এই নিয়ে ক্লেকোর্টে ৪৬তম শিরোপা জিতলেন তিনি। ৪৯টি শিরোপা নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন সাবেক তারকা গুইলারমো ভিয়াস। সব ধরনের সার্ফেসে অবশ্য এটা নাদালের ৬৫তম শিরোপা। যুক্তরাষ্ট্রের জিমি কনর্স ১০৯টি শিরোপা জিতে সর্বকালের সেরাদের তালিকায় এখনো নিজেকে শীর্ষস্থানেই ধরে রেখেছেন।
 

তবে শিরোপাতো রয়েছেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাদলের সঠিক পথে ফিরে আসা। ফ্রেঞ্চ ওপেনের পরে ইনজুরির সাথে লড়াই করা নাদাল কাতারে আগেভাগেই বাদ পড়ার পরে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিলেন। গত সপ্তাহে রিও ডি জেনিরোতে ইতালিয়ান ফ্যাবিও ফোগনিনির কাছে সেমিফাইনালে হারার পরে বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন। ২০১৩ সালের আগস্টের পরে এই প্রথম তিনি র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনটি স্থান থেকে ছিটকে পড়লেন। আর্জেন্টিনায় শিরোপা জয়ের পরে বৃটেনের এন্ডি মারেকে হঠিয়ে আবারো তিন নম্বরে উঠে এসেছেন এই স্প্যানিয়ার্ড।