পিনাক-৬ লঞ্চের মালিকের ৬ মাসের জামিন

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৮:৪৫
 
 
মাওয়ায় পিনাক-৬ লঞ্চডুবিতে শতাধিক যাত্রীর সলিল সমাধির ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিক। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশণ বেঞ্চ তার ৬ মাসের অন্তবর্তিকালীন জামিন মঞ্জুর করেন। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবে রাষ্ট্রপক্ষ। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ ইত্তেফাককে বলেন, ওই লঞ্চডুবির ঘটনা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলো। ওই ঘটনায় মরা যায় শতাধিক যাত্রী। এ ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন এক আসামি। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে যাব।

গত বছরের ৪ আগস্ট বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের ১০০ গজ দূরে লৌহজং চ্যানেলে ২৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিল। এ ঘটনায় পরদিন মুন্সীগঞ্জের লৌহজং থানায় আবু বকরসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিআইডব্লিউটিএ এর মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর ভূইয়া। এ মামলায় গত ১৪ আগস্ট গ্রেফতার হন আবু বকর। নিন্ম আদালতে জামিন চাইলে আদালত না-মঞ্জুর করে। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ৬ মাসের জামিন দেয়।