ভারতের পার্লামেন্ট ভবনে কর্মচারীদের জন্য নির্ধারিত ক্যান্টিনে গিয়ে ২৯ রুপি দিয়ে লাঞ্চ সেরেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যান্টিনে প্রধানমন্ত্রী এসে লাঞ্চ করার এই ঘটনায় সাড়া পড়ে যায় পুরো পার্লামেন্ট ভবনে।
ভারতের পার্লামেন্ট ভবনের দ্বিতীয় তলার ৭০নম্বর রুমে কর্মচারীদের দুপুরের খাবারের জন্য ক্যান্টিনটি চালু করা হয়। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী হঠাৎ ঢুকে পড়েন সেই ক্যান্টিনে। কর্মীরা প্রথমে মোদীকে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেও সাথে সাথে অভ্যর্থনা জানানো হয় তাকে। টেবিলে বসিয়ে কী খেতে চান জানতে চাইলে মোদী জানান, যা পাওয়া যাবে তাই তিনি খাবেন। প্রথমে এক গ্লাস পানি চান মোদী, তারপর কিছুটা সালাদ খান তিনি। শেষে নিরামিষ দিয়েই সারেন দুপুরের লাঞ্চ। এসময় তার থালাতে দেয়া হয় সরিষা শাক, আলু দিয়ে রান্না সবজি, রাজমা, ভাত, রুটি ও দই। খাবার শেষে আরেকবার চমক দিয়ে খাবারের দাম হিসেবে নগদ ২৯ রুপিও পরিশোধ করেন তিনি।
এসময় মোদীর সঙ্গে একই টেবিলে বসে লাঞ্চ সারেন বিহারের বিজেপি সাংসদ ছেদি পাসওয়ান। ক্যান্টিনের সবার কুশল জিজ্ঞাসা করতেও ভুলেননি মোদী।
