রংপুরে হাতবোমাসহ শিবিরের ৬ কর্মী আটক

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ০০:১৩


রংপুরে ১০টি হাতবোমাসহ ছাত্রশিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।  সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কামারপাড়া এলাকার একটি মেসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ঐ ছাত্রবাসের মালিক আকবর আলীকেও আটক করা হয়।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, “ছাত্রশিবিরের কর্মীরা নগরীতে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় কামারপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন 'মাহিন ছাত্রাবাসে' তল্লাশি চালিয়ে ছাত্রশিবিরের ছয়জন কর্মীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি কক্ষ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়”।

ওসি আরো জানান, মেসটিতে ছাত্রশিবিরের ১৩ কর্মী থাকতেন। পুলিশের আগমন টের পেয়ে অপর ৭জন সটকে পড়ে। মেস মালিক ২০ নম্বর ওয়ার্ড জামায়াতের সদস্য হওয়ায় তাকেও আটক করা হয় বলে জানান তিনি।

রাত সোয়া ১১টা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত ছিল।