সিলেটে এলজিইডির টেন্ডার ছিনতাই করলো ছাত্রলীগ

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ০১:৩৩

জেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় ৮০ লাখ টাকার কাজের টেন্ডার ছিনতাই করেছে ছাত্রলীগ কর্মীরা। তারা টেন্ডার বাক্স ভেঙে দরপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। দরপত্র ছিনতাইয়ের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ওই টেন্ডার বাতিল করেছে।

এলজিইডিসূত্র জানায়, সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও জকিগঞ্জের বিভিন্ন অফিসের ব্যবহারের জন্য ৮০ লাখ টাকার ফার্নিচার ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছিল। গতকাল ছিল দরপত্র জমা দেয়ার শেষ দিন। হঠাত্ করে মোটরসাইকেলে দুই যুবক এসে টেন্ডার বাক্স ভেঙে দরপত্র ছিনিয়ে নেয়। এসময় অফিসের কর্মচারীরা বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক দরপত্র নিয়ে পালিয়ে যায় তারা। ছিনতাইয়ের ঘটনার পর টেন্ডার বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে নতুন করে টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছে এলজিইডিসূত্র।

টেন্ডার ছিনতাইয়ের খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ এলজিইডি অফিসে গেলেও কাউকে আটক করতে পারেনি।