মহাসড়কে যানবাহনের নিরাপত্তা দিতে গিয়ে গতকাল সোমবার গাড়ির চাপায় বিমানবন্দর থানার এএসআই নিহত হয়েছেন। অবরোধ-হরতালে নিরাপদে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন গন্তব্যে পৌঁছে দিতে বাবুগঞ্জের রামপট্টি নামক স্থানে বিমানবন্দর থানা পুলিশ অবস্থান গ্রহণ করছিল। বিভিন্ন স্থান থেকে আসা বরিশালগামী যানবাহনগুলো একত্রিত করে পুলিশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে পৌঁছে দেয়ার কথা ছিলো। গতকাল সন্ধ্যায় মাওয়া থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করেন। ওই বাসটিকে এএসআই মনির থামাতে গেলে চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটিকে বিমানবন্দর থানা পুলিশ নগরীর কাশিপুর চৌমাথা এলাকা থেকে আটক করেছে।
