শিবগঞ্জে কভার্ডভ্যানে আগুন, চালক নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১০:৫২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দ্বগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় চালকের সহকারী দ্বগ্ধ হন। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার কানসাট কলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চালকের নাম শিপন (৩৫)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার আব্দুল মান্নানের ছেলে। দগ্ধ শাকিলের বাড়ি চট্টগ্রামের মিরের শরাই ঠাকুরদিঘী গ্রামে। তার বাবার নাম জসিম উদ্দিন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরের দিকে শিপন ও শাকিল খালি কভার্ড ভ্যান নিয়ে মাল আনতে সোনা মসজিদ বন্দরের দিকে যাচ্ছিল। পথে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক শিপন ঘটনাস্থলেই মারা যান। সহকারী শাকিলকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গির কবীর, পুলিশ সুপার বশির আহম্মেদ ও বিজিবি-৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ আবু জাফর বজলুল হক পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।