জয়পুরহাটে পণ্যবাহী দুইটি ট্রাকে আগুন দেয়ার পর ৩ ঘণ্টা ব্যবধানে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টায় জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ৭টার দিকে ২টি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, জয়পুরহাট বাসটার্মিনাল থেকে স্বাক্ষর পরিবহন(নং- বগুড়া-জ-০৪-০১৭২) নামে একটি মিনিবাস যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বানিয়াপাড়া নামক স্থানে রাস্তার দু'পাশে ৩০/৪০ লোক দাঁড়িয়ে থাকা অবস্থায় ৫/৬ জন যুবক গতিরোধ করে যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আগুন নেভাতে বাধা প্রদান করে বলে জানান জয়পুরহাট ষ্টেশন অফিসার জাহানুর আলম।
এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। বর্তমানে জয়পুরহাট-বগুড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
