বগুড়ায় মুক্তিযোদ্ধা সংসদে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১২:২৫


বগুড়র  শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আধাপাকা একটি অফিস কক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৫টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে মুক্তিযোদ্ধা সংসদের অফিসের ভিতরের ১টি আলমারী,১টি ফাইল কেবিনেট, ৪টি টেবিল, ৪৯টি চেয়ারসহ মূল্যবান ছবি ও কাগজপত্র পুড়ে গেছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান জানান, ক্যাম্পাসে কর্তব্যরত আনসারেরা তাকে বিষয়টি অবহিত করলে তিনি দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভায়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওবায়দুর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন সংসদের ভিতরে সব কিছুই আগুনে পুড়ে গেছে। অফিসে মুক্তিযোদ্ধাদের অনেক গুরুত্বপুর্ন কাগজপত্র ছিল বলে তিনি জানান। এ সময় ঘটনাস্থল থেকে বেশি কিছু সাদা পাউডার সাদৃশ্য বস্তু সহ প্লাষ্টিকের প্যাকেট উদ্ধার হয়েছে বলে তিনি জানান।
শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের অফিসার সোহেল রানা জানান, ধারণা করা হচ্ছে, এটি নাশকতাকারীদের কাজ। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আলী আহম্মেদ হাশমী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।