কুমিল্লার চান্দিনায় পেট্রোল বোমাসহ আদিল (৩০) নামে যুবককে আটক করেছে মহাসড়কে পাহারারত আনসার সদস্যরা। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক আদিল জেলার দেবিদ্বার উপজেলার বড়শালঘর নয়াহাটি গ্রামের কুটু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অবরোধ-হরতালে মহাসড়কে নাশকতা রোধে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা পাহারা দিচ্ছিল। মঙ্গলবার ভোরে মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে পাহারারত মঈনুদ্দিন ও নাজমূল হোসেন ধাওয়া করে আদিলকে পেট্রোল বোমাসহ আটক করে।
খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ ঘটনাস্থলে পৌঁছে আদিলকে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করে।
ইউএনও শেখ ছালেহ্ আহাম্মদ জানান, বর্তমান পরিস্থিতিতে মহাসড়কসহ উপজেলার সর্বত্র আমাদের সজাগ দৃষ্টি থাকায় তাকে আটক করা সম্ভব হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্সেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
