রংপুরে সোনালী ব্যাংক-দুদক কার্যালয়ে ককটেল

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১৩:৩১
 
রংপুর স্টেশন রোডে অবস্থিত সোনালী ব্যাংক প্রধান কার্যালয় ও জেলা দুর্নীতি দমন অফিসকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই অফিসের সামনেই মোটর সাইকেলে করে এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে সোনালী ব্যাংকের সামনে দুইটি ও জেলা দুর্নীতি দমন অফিসের সামনে দুইটি ককটেরের বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর কামারপাড়া এলাকার মাহিন ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে ১০টি হাতবোমাসহ শিবিরের ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছাত্রাবাসের মালিক আকবর আলীকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাতে কামারপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন মাহিন ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়। এ সময় ছাত্রশিবিরের ছয় কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি কক্ষ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। মেস মালিক ২০ নম্বর ওয়ার্ড জামায়াতের সদস্য হওয়ায় তাকেও গ্রেফতার করা হয়। মেসটিতে ছাত্রশিবিরের ১৩ কর্মী থাকতেন। পুলিশের আগমন টের পেয়ে অন্য সাতজন সটকে পড়ে।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরো জানান, জনমনে আতংক সৃষ্টি করতেই সোনালী ব্যাংকের সামনে দুইটি ও জেলা দুর্নীতি দমন অফিসের সামনে ককটেল হামলা চালানো হয়েছে। তবে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।