বিএনপি চেয়ারপারসন বেগম খালেতা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, অতীতের মতো আদালতে অনুপস্থিত থাকলে সরকার আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
হাসান মাহমুদ বলেন, বুধবার আপনার (খালেদা জিয়া) আদালতে হাজিরা আছে। আপনি আদালতে উপস্থিত হন। আদালত আপনাকে জামিন দিলেও দিতে পারে। কিন্তু আপনি যদি আবারো আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আইনের তোয়াক্কা না করে অতীতের ন্যায় এবারো অনুপস্থিত থাকেন তাহলে সরকার আদালতের নির্দেশনা অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
তিনি বলেন, বেগম জিয়ার সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ প্রদানের মাধ্যমে প্রকৃতপক্ষে সন্ত্রাস জোরদার কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার মধ্য দিয়ে বিএনপি নেত্রী তার দলের জঙ্গি-সন্ত্রাসীদের আরো জোরালোভাবে নিরীহ জনগণের উপরে পেট্রোল বোমা হামলার ও নৈরাজ্যের নির্দেশনা দিয়েছেন। এ কমিটি মূলত সন্ত্রাসীদের নিয়ে গঠিত কমিটি।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরো বলেন, নৈরাজ্যের রাজনীতি করে অতীতে কেউ টিকে থাকতে পারে না। অতীতে যারা চোরাগোপ্তা হামলা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল তারা হাওয়ায় মিলিয়ে গেছে। বেগম জিয়া ও তার দল যদি সহিংসতার পথ পরিহার না নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে না আসে তাহলে তারাও একদিন হাওয়ায় মিলিয়ে যাবে। বিএনপির নেতাকর্মীকে এখন রাস্তায় খুঁজে পাওয়া যায় না। ভবিষ্যতে তাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য হাজি সেলিম, বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক প্রমুখ।
