কুমিল্লার দেবিদ্বারে চলন্ত ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারসহ ২জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাক মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দেবিদ্বার উপজেলার ইউছুফপুর পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অগ্নিদগ্ধ হন ট্রাকের চালক মনির হোসেন ও হেলপার জজ মিয়া। দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জাকির হোসেন জানান, পেট্রোলে জজ মিয়ার শরীরের ৬০ শতাংশ ও মনির হোসেনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশের মিরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আবু জাহের জানান, ট্রাকের হেলপার জজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার মজলিশপুর ইউনিয়নের মইন গ্রামের সোনা মিয়ার পুত্র এবং চালক মনির হোসেন একই জেলার বাড়িউড়া গ্রামের আবু তাহেরের পুত্র। দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েনসহ ওই সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
