পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার ধারে দাড়িয়ে থাকা একটি বিআরটিসি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ি থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে মালিক-চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার ভোর পৌনে ৪ টার দিকে উপজেলার বগদুলঝুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাক চালক সুমন (২৪), ট্রাকের মালিক শওকত আলী (৪৮), বিআরটিসি বাসের চালক আল আমিন (৩৫) ও চালক সহকারি লালন (৩০)।
ট্রাক চালক সুমন ও বিআরটিসি বাস চালক আল আমিন জানান, আহত ৪ জনই ট্রাক ও বাসের ভিতর ঘুমিয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত এসে প্রথমে লোহার রড দিয়ে আঘাত করে জানালা ভেঙ্গে দেয়। পরে তাদের হাতে থাকা বোতলের পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে ট্রাক ও বিআরটিসি বাসটির বেশির ভাগ অংশই পুড়ে গেছে। এ সময় গাড়ি দুটির ভিতরে থাকা ৪ জনই জানালা দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন। আগুন দেওয়ার সময় দুর্বৃত্তদের একজনের হাতে রিভলভার ছিল বলে ট্রাক ড্রাইভার সুমন জানান।
ফায়ার সার্ভিস পঞ্চগড় ইউনিটের ওয়ার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, দেরিতে খবর পাওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়ি দুটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।
