নোয়াখালীতে ট্রাকে পেট্রোল বোমা হামলায় ট্রাক চালক মো. ইসমাইল মিয়া (৬০) অগ্নিদগ্ধ হয়েছেন। এ সময় ট্রাকের হেলপার মো. হানিফও (২৫) আহত হন। এ ঘটনায় পুলিশের গুলিতে আবুল হোসেন নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলা শহর মাইজদী- সোনাপুর সড়কে সদর উপজেলা পরিষদের দক্ষিণে মোকটের পাশে এই ঘটনা ঘটে। আহতরা বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে যানা যায়, জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনি থেকে গম ভর্তি ট্রাক নিয়ে দত্তেরহাটে যাবার পথে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাসার বাউন্ডারি ওয়ালে আঘাত হানে। এ সময় চালক ইসমাইল অগ্নিদগ্ধ ও হেলপার হানিফ লাফিয়ে পড়ে আহত হন। ট্রাকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকটি ও গম পুড়ে যায়। দগ্ধ ইসমাইলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত,পা ও মাথার বেশ কিছু অংশ পুড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ট্রাকে পেট্রোল বোমা মেরে পালাবার সময় ঐ এলাকায় পুলিশের গুলিতে আবুল হোসেন নামের এক বিএনপি কর্মী আহত হয়। পুলিশ হেফাজতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গভীর রাতে তাকে ঢাকা স্থানান্তর করা হয়।
একই সময় একই সড়কের সোনাপুর এলাকায় দুর্বৃত্তরা বালি ভর্তি একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে স্থানীয়রা তা নিভিয়ে পেলেন। এদিক ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় বুধবার সকালে বিএনপির-জামায়াতের ২৪ নেতা কর্মীকে এজহারভুক্ত ও আরো অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সুধারাম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
