১২৯ রানে হারল আমিরাত

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ১৭:১৮

সংযুক্ত আরব আমিরাতকে ১২৯ রানে হারিয়ে এই বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তান শেষ আটে যাওয়ার প্রত্যাশা টিকিয়ে রাখল।  

 

বুধবার নিউজিল্যান্ডের ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে ‘বি’ গ্রুপের ম্যাচে ৩৪০ রানের বড় লক্ষ্য তাড়া করতে ৮ উইকেট হারিয়ে ২১০ রান করে আমিরাত।

 

পাকিস্তানের পক্ষে সোহেল খান, আফ্রিদি, ওহাব রেজা নেন ২টি করে ইরফান ও মাকসুদ নেন ১টি করে উইকেট। 

 

আহমেদ শেহজাদের ৯৩ , হারিস সোহেলের ৭০ শোয়েব মাকসুদের ৪৫  ও অধিনায়ক মিসবাহ-উল হকের ৬৫ ও শহিদ আফ্রিদির ৮ বলে ২১  রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রানের বিশাল সংগ্রহ করে পাকিস্তান। 

 

জবাবে প্রথম ১০ ওভারে মাত্র ২৫ রানে আমিরাত হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৮৩ রানের জুটি তাদের পরাজয়ের ব্যবধানটা কিছু কমায়। আমিরাতের পক্ষে খুররাম খান ৪৩, আনওয়ার ৬২, আজাদ জাভেদ ৪০, পাতিল ৩৬, জোভেদ আলির ১৪ রানের সুবাদে তারা সংগ্রহ করে ২১০ রান।

 

এই গ্রুপে ভারত ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ও দ.আফ্রিকা ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আয়ারল্যান্ডের ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট রয়েছে। ও.ইন্টিজ  ও পাকিস্তানের রয়েছে ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট।  পাকিস্তানের পরের ম্যাচ ২টি দ.আফ্রিকা ও আয়ারল্যান্ডের সঙ্গে। ও.ইন্ডিজের রয়েছে ভারত আর আমিরাতের সাথে আর আইরিশদের ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ের সাথে ৩টি খেলা। তাই পাক, আইরিশ আর ক্যারিবীয়রা যদি একটি করে জয় পায় সে ক্ষেত্রে যে ২টি দল নেট রানরেটে এগিয়ে থাকবে তারা যাবে শেষ আটে। কেননা একটি করে জয় পেলে এই ৩টি দলের প্রত্যেকের পয়েন্ট হবে ৬।