লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ৪টার দিকে লক্ষ্মীপুর বাজারের টহলরত নাইট গার্ড সদর উপজেলা ভূমি অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্বৃত্তরা অফিসের পেছন দিকের একটি জানালার গ্লাস ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের লোকজন।
লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক জানান, ভোর রাতে দুর্বৃত্তরা অফিসের জানালা ভেঙ্গে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে যায়।
