তিতাসের এমডিসহ চারজনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ২০:৫৩
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নওশাদ ইসলামসহ প্রতিষ্ঠানটির চারজনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক কার্যালয় থেকে সংশ্লিষ্টদের কাছে সম্পদ বিবরণী দাখিলের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক শাসছুল আলম এ নোটিশ জারি করেছেন। নোটিশে সাত কার্যদিবসের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব কমিশনের নির্ধারতি ফরমে দাখিল করতে বলা হয়েছে।
এই নোটিশে যাদের কাছে পাঠানো হয়েছে তারা হলেন, এমডি প্রকৌশলী নওশাদ ইসলাম, গাজীপুর তিতাস গ্যাসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল আলম, উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসন ও তিতাসের কর্মচারী নুরুল হক মোল্লা।
দুদক সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে তিতাসের এমডিসহ ওই চারজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের যাবতীয় সম্পদের হিসাব কমিশনের সচিব বরাবর দাখিল না করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা নোটিশে বলা হয়েছে।