স্বাধীনতার পক্ষে এবং জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ আটজন এ বছর বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার মনোনীতদের নাম চূড়ান্ত করেছে।
মনোনীতরা হলেন— সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ, বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা রাখা প্রয়াত কমান্ড্যান্ট মানিক চৌধুরী, ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্বে থেকেও পাকিস্তানি বাহিনীর বদলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়া মামুন মাহমুদ, বাংলা সাহিত্যে অবদানের জন্য অধ্যাপক আনিসুজ্জামান, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, যিনি ‘নায়ক রাজ রাজ্জাক’, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হোসেন মণ্ডল ও সাংবাদিকতায় অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছেন প্রয়াত সাংবাদিক সন্তোষ গুপ্ত।
আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ করবেন।
