পেট্রোলবোমায় দগ্ধ আরো ৬

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ০১:২৬

গত ২৪ ঘন্টায় পাবনা, নোয়াখালী ও দিনাজপুর জেলায় ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে গেছে ২১ টি গরু। হামলার সময় গুলি করে এক বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া জয়পুরহাট, পঞ্চগড় ও রংপুরে চারটি বাস-ট্রাকে আগুন দেয়া হয়েছে। এসব ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। লক্ষ্মীপুরে ভূমি অফিসে অগ্নিসংযোগ ও বাগেরহাটে কাস্টমস অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। বিএনপি নেতৃাত্বাধীন বিশ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতাল চলাকালে এসব সহিংস ঘটনা ঘটে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আই কে রোডের ছলিমপুর কলেজের সামনে একটি গরুভর্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এতে  ট্রাকের ড্রাইভার লিয়াকত (৫০)  ও হেলপার স্বপন (৩৫) অগ্নিদগ্ধ হন। এছাড়া ট্রাকের ২১টি গরু দগ্ধ হয়। আহত পরিবহন কর্মীদের ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়েছে। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার ফিলিপনগর ও দৌলতপুরে। এ ঘটনার পর শিমূলতলা এলাকায় মোয়াজ্জেম হোসেন নামে জামায়াতের এক কর্মীকে    আটক করে জনতা মারধর করে রাস্তায় ফেলে রাখে।
নোয়াখালী প্রতিনিধি জানান, সদর উপজেলা পরিষদের পাশে মাইজদী-সোনাপুর সড়কে গমবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়েছেন চালক মো. ইসমাইল মিয়া (৬০)। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই হাত ও দুই পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. হানিফও (২৫) আহত হন। মঙ্গলবার রাত ৯ টার দিকে  এ ঘটনা ঘটে। আহতরা বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের বাসিন্দা।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে ট্রাকে বোমা মেরে পালাবার সময় ওই এলাকায় পুলিশের গুলিতে আবুল হোসেন নামের এক বিএনপি কর্মী আহত হয়েছেন। পুলিশ হেফাজতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গভীর রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে  ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে একই সময় একই সড়কের সোনাপুর এলাকায় দুর্বৃত্তরা বালি ভর্তি একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়েছে।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, গতকাল বুধবার ভোরে নোয়াখালী-ফেনী সড়কে উপজেলার শহীদ তরিক উল্যাহ বীর বিক্রম স্টেডিয়ামের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৪-৮২৭৩) পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালক বাশেদ প্রকাশ ডিপজল (৩৫) দগ্ধ হন। তাকে স্থানীয় আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর স্টাফ রিপোর্টার জানান, মঙ্গলবার রাতে দিনাজপুর-রংপুর সড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর মহিলা কলেজের সামনে একটি মালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৪-৮৩২৪) পেট্রোল বোমা নিক্ষেপ করে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে ট্রাকের ড্রাইভার আবুল কালাম (৪৫) ও হেলপার স্বপন কুমার (২৫) দগ্ধ হন। তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা জানান, গতকাল ভোরে উপজেলার বগদুলঝুলা বাজার এলাকায় ১ টি বিআরটিসি বাস ও ১ টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাক ড্রাইভার সুমন (২৪), ট্রাকের মালিক শওকত আলী (৪৮), বিআরটিসি বাস ড্রাইভার আল আমিন (৩৫) ও হেলপার লালন (৩০) আহত হয়েছেন। ঘটনার সময় তারা গাড়িতে ঘুমিয়ে ছিলেন।
সুমন ও আল আমিন জানান, দুটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত এসে প্রথমে লোহার রড দিয়ে আঘাত করে জানালা ভেঙ্গে দেয়। পরে পেট্রোল ছিটিয়ে গাড়ি দুটিতে আগুন দেয়। দুর্বৃত্তদের একজনের হাতে রিভলবার ছিল। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়ি দুটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে বলে তারা জানান।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলা ভূমি অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা অফিসের পেছন দিকের একটি জানালার গ্ল­াস ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে বলে তাদের ধারণা। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক জানান, আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে  গেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, শহরের স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস এন্ড ভ্যাট এক্সসাইজ অফিস চত্বরে পেট্রল বোমা  নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জয়পুরহাট প্রতিনিধি জানান, আক্কেলপুর উপজেলার রাইকালী-দুপচাঁচিয়া সড়কের সনাত্পুর-বেগুনবাড়ী এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে একটি আলু বোঝাই ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রংপুর প্রতিনিধি জানান, বুধবার রাত ৮টার দিকে নগরীর গুপ্তপাড়া এলাকায় একটি মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভিতরের অংশ পুড়ে যায়।
এদিকে রংপুর জেলা  আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বুধবার রাত ৯টার দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা  জানান, উপজেলা সদরে  বুধবার দুপুরে একটি কয়লার ট্রাকে আগুন দেয়ার সময় জনতা ধাওয়া করে আল ইমরান (২২) নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বুধবার শহর থেকে ৮টি পেট্রোল বোমা, ৩টি ককটেল, ১টি ছোরা ও জিহাদী বইসহ ৮ শিবির কর্মীকে আটক করেছে র্যাব। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুল আহসান জানান, শহরের বড়ইন্দারা মোড় এলাকার একটি মেসে অভিযান চালিয়ে মিলন, ফারুক, আশরাফুল, কবির, রেজওয়ান, শরিফুল, শিবগাতুল্লাহ ও সিয়ামকে আটক করা হয়েছে।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শাকিল

রাজশাহী অফিস জানায়, মঙ্গলবার কানসাটে পেট্রোল বোমা হামলায় দগ্ধ শিশু শাকিল রামেক হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের ঠাকুরদীঘি গ্রামে। বাবার নাম জসিম উদ্দিন। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিত্সক অধ্যাপক আফরোজা নাজনীন জানান, আগুনে শাকিলের শ্বাসনালীসহ শরীরের শতকরা ৪০ ভাগ পুড়ে গেছে। তাই কথা বলতে পারছে না শাকিল। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।