বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক আলহাজ্ব মমতাজ উদ্দিনের ব্যক্তিগত অফিস লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শহরের ঝাউতলা এলাকার ওই অফিসে পেট্রলবোমা নিক্ষেপ করার পর মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় আজ(বুধবার) রাত সাড়ে ১০টার দিকে রাজনৈতিক কর্মীদের নিয়ে তিনি ওই কার্যালয়ে অবস্থান করছিলেন। তবে হামলায় কেউ আহত হননি।
ঘটনার বিষয়ে মমতাজ উদ্দিন জানান, তিনি কাহালু উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ওই অফিসের ভেতরের কক্ষে বসে কথা বলছিলেন। দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা বাইরের ঘরে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রলবোমা ছোড়ে। এর একটি তৃতীয় তলায় তার অফিসের সামনের কাঁচ ভেঙে ভেতরে পড়ে এবং অপর দুটি একই ভবনের দ্বিতীয় এবং নিচত তলায় পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হননি।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক,পিপিএম ঘটনার পরপরই সেখানে যান। তিনি বলেন, ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিত করে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
