ফুটওভারব্রিজ চাই

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নীলক্ষেত নামটি ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীদের প্রায় সকল বইয়ের অভাব দূর করে এই নীলক্ষেত বাজার। তাই স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবাধ যাতায়াত রয়েছে এই বাজারে। কিন্তু বিশ্ববিদ্যালয় ও নীলক্ষেতের মাঝে মুক্তি ও গণতন্ত্র তোরণ সংলগ্ন চৌরাস্তাটি সব সময় ট্রাফিক জ্যামে আটকে থাকে। চারিদিক থেকে একের পর এক গাড়ি চলাচল করে। লোকজনও ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ উপেক্ষা করেই হাঁটা শুরু করে চলন্ত গাড়ির মাঝ দিয়েই। এতে বাড়ছে দুর্ঘটনা ঘটার আশঙ্কা। অথবা যারা রিকশা না নিয়ে দাঁড়িয়ে থাকছে নিরাপদ পারাপারের জন্য, তাদের দাঁড়িয়েই থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। অর্থাত্ অবস্থা এমন দাঁড়িয়েছে যে, হয় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকো, না হয় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হও। এখানে ফুটওভারব্রিজ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারণ। অপচয় হচ্ছে শিক্ষার্থীদের মূল্যবান সময়। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই—বিষয়টির গুরুত্ব বিবেচনা করে একটি ফুটওভারব্রিজ অচিরেই নির্মাণ করা হোক।

মো. মাহমুদুল হাসান

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়