গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় বিজয় সরকার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে দক্ষিণ বাসস্ট্যান্ডে হানিফ কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় সরকার গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের কিশোর লাইব্রেরির স্বত্ত্বাধিকারী বিজয় সরকার সকাল আটটার দিকে মহাসড়ক পার হাচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটগামী সূতাবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয়ের মৃত্যু হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।
