আলিফ হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১৭:৪৪
 
বাসের ধাক্কায় নিহত রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র আলী আহমেদ আলিফের হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে নিহত আলিফের শোকার্ত সহপাঠী ও হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এ আশ্বাস দেন। 
শিক্ষামন্ত্রী বলেন, শুধু বাস আটক করলেই হবে না। চালককে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করাসহ তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
আলিফের মৃত্যুতে সমবেদনা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, একটি মানুষ হিসেবে হারিয়ে যাওয়া জাতির জন্য ক্ষতিকর। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও নিশ্চয়তায় এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলিফ হত্যার খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবিসহ পাঁচ দফা দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব দাবি পূরণের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, দাবিগুলো দ্বিমত করার কিছু নেই। এগুলো কার্যকর করা হবে। স্থানীয় সাংসদের সাথে ইতিমধ্যে এ বিষয়ে কথা বলেছি।
শিক্ষামন্ত্রীকে দেয়া স্মাকলিপিতে শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে নিহত পরিবারকে  ক্ষতিপূরণ প্রদান, নির্বাচন কমিশন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে বাসস্টপ, যাত্রী ছাউনি ও জেব্রা ক্রসিং নির্মাণ, প্রথম ও দ্বিতীয় গেটে সুন্দর দুটি গেট নির্মাণ ও রাস্তা সংস্কার, দ্বিতীয় গেটে ফুট ওভার ব্রিজ নির্মাণ।
এর আগে সকাল এগারোটায় আন্দোলনরত শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বর্জন করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে মৌন মিছিল করে। 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র আলী আহমেদ আলিফ নিহত হন।