ফুলবাড়ীয়ার আগুনে ১৪ দোকান পুড়ে ছাই

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১৮:৪০
 
ফুলবাড়ীয়া উপজেলার শুশুতি বাজারে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে আগুনে ১৪ দোকান পুড়ে ছাই হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হবে স্থানীয়রা দাবি করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়,  বিকাল সাড়ে ৩ টার দিকে লেপ তোষকের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ আগুন পাশের ডিজেল পেট্রোল ও সারের দোকানে ছড়িয়ে পড়ে ভয়াবহতা বেড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ৩ ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে।
বাজারের ব্যবসায়ীরা জানান, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
ফুলবাড়ীয়ার ভালুকজান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।