বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে একটি জাতীয় সংসদ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে এক পরামর্শ সভা হয়। সভায় জাতীয় সংসদের স্পিকারের সম্মতিক্রমে বিশেষজ্ঞ সদস্যদের নিয়ে জাদুঘর স্থাপনে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত এই জাদুঘরের থীম কী হবে, কীভাবে তা উপস্থাপন করা হবে, উপস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, জাদুঘরের স্থান ও স্থাপন-কৌশল নির্ধারণ বিষয়ে গতকালের পরামর্শ সভায় প্রাথমিক আলোচনা হয়। সভায় ডেপুটি স্পিকার বলেছেন, বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে পার্লামেন্ট ভবনকে কেন্দ্র করে এ ধরনের জাদুঘর রয়েছে। ভারতের লোকসভায়ও একটি সমৃদ্ধ জাদুঘর রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদেও একটি জাদুঘর স্থাপন করা গেলে সংসদ আরো বেশি সমৃদ্ধ হবে। পাশাপাশি জাতীয় সংসদের সদস্যসহ দেশবাসী ও বিদেশি দর্শনার্থীরা বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল, অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, বুয়েটের স্থাপত্য ও প্রকৌশল বিভাগ প্রধান, বাংলা একাডেমির মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
