ক্ষমতার অপব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনী: ড. মিজান

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ২১:৫৪
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।  বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
 সাক্ষাৎ শেষে ড. মিজান সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক ধরনের ক্ষমতাবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার করছে। এ বিষয়ে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা তাদের সাবধান ও সতর্কতা অবলম্বন করতে বলেছি। কিন্তু তার পরও মনে হচ্ছে কিছু কিছু ঘটনা ঘটছে, যেগুলো কোনোভাবেই আইনের চোখে বৈধতা লাভ করতে পারে না। সাধারণ মানুষ যেন আইনশৃঙ্খলা রক্ষার নামে হয়রানি বা আটক বাণিজ্যের শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ড. মিজান বলেন, সাদা পোশাকে যেন কাউকে গ্রেফতার করা না হয়। যদি করতে হয় সেক্ষেত্রে স্থানীয় কোনো প্রতিনিধি বা দু’জন মানুষকে সাক্ষী রাখতে হবে। তাহলে এমন হত্যাকাণ্ড কমে আসবে।
 
তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যার ক্ষেত্রে আইনের প্রতি অশ্রদ্ধা লক্ষ্য করছি। এইভাবে কারো মৃত্যু গ্রহণযোগ্য হতে পারে না। যারা এর সাথে জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। মানবাধিকার কমিশনকে যদি স্বাধীনভাবে কাজ করতে হয়, তাহলে সর্বোচ্চ আদালতের সহযোগিতা ও সমর্থন দরকার বলে জানান তিনি।