জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারকে পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াতের নাশকতা আইএসের সঙ্গে মিলে যায়

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ১১:৩৭
 
দেশে বিএনপি-জামায়াত জোট যে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তার কৌশল আইএসসহ জঙ্গি দলগুলোর সন্ত্রাসী কৌশলের সঙ্গে প্রায় মিলে যায়। এ অবস্থায় সহিংসতা দমন করে দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সরকারের অঙ্গীকারবদ্ধ বলে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে জানিয়েছেন পররাষ্ট্র আবুল হাসান মাহমুদ আলী।
 
বুধবার জেনেভায় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
 
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
 
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে পথ খুঁজতে বাংলাদেশকে তাগিদ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জাইদ রাদ আল হুসেন।
 
একইসঙ্গে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের ওপর জোর দেন তিনি।
 
বৈঠকে মাহমুদ আলী তাকে বলেন, মানবাধিকার নিয়ে জাতিসংঘের বাণী বিশ্বে ছড়িয়ে দিতে বাংলাদেশ আগের মতোই কাজ করে যাবে। পররাষ্ট্রমন্ত্রী হাই কমিশনারকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তাত্ক্ষণিকভাবে তা গ্রহণ করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানোনো হয়।
 
চারদিনের সফরে গত মঙ্গলবার জেনেভায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। বুধবার তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।
 
এছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে জরুরি তহবিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০ লাখ ডলার অনুদানের চেক হস্তান্তর করেন।