নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজশাহী মহা-সড়কের কুসুম্বা ইটভাটা মোড় এলাকায় ট্রাকের চাপায় লুৎফর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ঘটনায় মোটরসাইকেলের থাকা আরো দুই আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত লুৎফর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আফজালপুর গ্রামের মৃত পিনু হোসেনের ছেলে। আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভুইজল গ্রামের ডালিম হোসেন ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আদমপুর গ্রামের শাহিনুর রহমান।
স্থানীয় ও পুলিশ জানায়, সকালে লুৎফর রহমান ও আহতরা একটি মোটরসাইকেল মান্দা উপজেলায় ঐতিহাসিক কুসুম্বা মসজিদ দেখতে আসেন। পথ ভুল করে কুসুম্বার মোড় ছেড়ে মান্দার সদর উপজেলার এলাকার দিকে চলে আসেন । নওগাঁ-রাজশাহী মহা-সড়কের কুসুম্বা ইটভাটা মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তারা রাস্তায় পড়ে যায়। এ সময় নওগাঁ থেকে রাজশাহী গামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের থাকা ওই দুই আরোহী আহত হয়েছেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ও আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপর ঘটনাটি উপজেলার নিতপুর বাজারে সকাল সাড়ে ১১ টার দিকে ট্রলির চাপায় পিষ্ট হয়ে হেলপার আব্দুর রাজ্জাক(৪০) মারা গেছেন। নিহত আব্দুর রাজ্জাক নিতপুর বাজার এলাকার কুলাডাঙ্গা গ্রামের এরফাদ আলীর ছেলে।
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিন কামাল জানান, নিতপুর বাজারে চলন্ত ট্রলিতে উঠতে গেলে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রাজ্জাক। পরে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
