লালমনিরহাটে সাংবাদিককে হত্যার চেষ্টা

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ২০:১৪
দৈনিক জনকন্ঠ ও বাসসের লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিনকে (৪০)  প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের মেঘারাম এলাকায় এ হামলা চালায় দুর্বৃত্তরা। 
আহত সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন লালমনিরহাট পৌরসভার ইমামগঞ্জের বাসিন্দা। তিনি লালমনিরহাট প্রেসক্লাবের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে দুপুরের দিকে ওই এলাকায় যান শাহিন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়ে বিতর্কে লিপ্ত হয়। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা তার গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, প্রকাশ্যে দুর্বৃত্তদের সাংবাদিককে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল ঘটনার মূল হোতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।